
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দলের মহাসচিব পদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিএনপির স্থায়ী কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। দলীয় সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৃহস্পতিবারই নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।
জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা জোরালো বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে দল ও সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি পদ শূন্য হবে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ শূন্য হবে। তবে সে কারণে তিনি ভবিষ্যতে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হবেন না।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে।
এর আগে ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে নির্বাচন কমিশন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে।